ভারতের কেরালার কোচিতে এক চিকিৎসককে মারধর এবং তার কাছ থেকে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মালয়ালম সিনেমার অভিনেত্রী অতুল্য চন্দ্র ও অভিনেতা বিবিন পেরুমপলি। তাদের আটক করে পুলিশ। টাইমস অব ইন্ডিয়া সিটির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারী চিকিৎসক এরনাকুলাম জেলার কুরিকাড এলাকার বাসিন্দা।
তার দাবি, হামলার ঘটনায় মোট ১২ জন জড়িত ছিলেন। গত ২ নভেম্বর চিকিৎসককে ফোন করে জানানো হয়, অভিযুক্তদের একজনের আত্মীয় অসুস্থ। এ খবর পেয়ে তিনি এরনাকুলামের ভাইটিলা এলাকার একটি ফ্ল্যাটে যান। সেখানে গিয়ে অতুল্য চন্দ্রসহ প্রায় ১২ জনকে দেখতে পান তিনি। একপর্যায়ে তাদের হামলার শিকার হন ওই চিকিৎসক। চিকিৎসকের বলেন, হামলার সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি স্মার্টওয়াচ ও এক জোড়া ইয়ারবাড নিয়ে যাওয়া হয়। ছিনিয়ে নেওয়া এসব সামগ্রীর আনুমানিক মূল্য ৩ লাখ ২৫ হাজার রুপি। এদিকে, ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
কাদাভানথ্রা থানার তদন্ত কর্মকর্তা অনমানোরামা জানিয়েছেন, অভিযুক্তরা ঘটনার বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন। তাদের দেওয়া তথ্য এখনো যাচাই করা সম্ভব হয়নি। ফলে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তদন্তের অংশ হিসেবে সম্ভাব্য সব দিক বিবেচনায় রাখছে পুলিশ। এমনকি ঘটনার পেছনে হানিট্র্যাপের কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। অভিনেত্রী অতুল্য চন্দ্র মালয়ালম চলচ্চিত্রে বেশ কয়েকটি কাজ করেছেন। ‘ডাইজ ইরে’ সিনেমার মাধ্যমে তিনি বিশেষ পরিচিতি পান।
