প্রথমবার সিনেমায় রিচি সোলায়মান

প্রথমবার সিনেমায় রিচি সোলায়মান

ফন্ট সাইজ:

দেশের অগণিত দর্শকের প্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। তার অভিনীত নাটক এখনো দর্শকের মনে আলোড়ন সৃষ্টি করে। জীবনের প্রয়োজনে রিচিকে কখনো কখনো দেশের বাইরে অর্থাৎ স্বামীর কর্মস্থল যুক্তরাষ্ট্রে থাকতে হয়। তবে তিনি বেশির ভাগ সময়ই ঢাকাতে থাকেন তার দুই ছেলেমেয়ের পড়াশোনা ও নিজের ব্যবসার কাজে। নতুন খবর হলো- রিচি প্রথমবারের মতো অভিনয় করলেন একটি সিনেমায়। সিনেমার নাম ‘রবি ইন ঢাকা’। নির্মাণ করেছেন রাজীব সালেহীন। তিনি একজন অভিনেতা এবং নির্মাতা। তার কাজের প্রতি দর্শকের একটা আলাদা আস্থা রয়েছে। যে কারণে দর্শকও রিচি অভিনীত ‘রবি ইন ঢাকা’ সিনেমাটি দেখার জন্য প্রবল আগ্রহ নিয়েই অপেক্ষা করছেন। বিশেষত রিচি-ভক্তরা। সিনেমাটি প্রসঙ্গে কথা বলতে আপাতত টিম থেকে নিষেধ আছে।

তবে রিচি বলেন, হ্যাঁ, ‘রবি ইন ঢাকা’ সিনেমাটিতে আমি অভিনয় করেছি। তবে সিনেমাটিতে আমার চরিত্র কী কিংবা আরও বিস্তারিত আপাতত বলতে পারছি না। সিনেমার পুরো টিমের পক্ষ থেকে হয়তো শিগগিরই বিস্তারিত জানানো হবে। সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। এদিকে রিচি নাটকে অভিনয় প্রসঙ্গে বলেন, কিছুদিন আগেও আমি চয়নিকা দিদির সুন্দর গল্পের একটি নাটকে অভিনয় করেছি। নাটকটির নাম ‘ভালোবাসার অন্য নাম তুমি’। এই নাটকে অভিনয় করেও দারুণ সাড়া পেয়েছি। এখনো অনেক সুন্দর সুন্দর গল্পের নাটকে অভিনয়ের প্রস্তাব আসে। যদি ভালো লাগে গল্প এবং চরিত্র তবে অবশ্যই অভিনয় করবো। কারণ পেশাগতভাবে আমি এখনো অভিনেত্রী। অভিনয় করতেই ভীষণ ভালোবাসি, স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার ভক্ত-দর্শকের সব সময়ই আবদার রয়েছে আমি যেন নাটকে নিয়মিত থাকি। যে কারণে চেষ্টা করি ভালো গল্প পেলে অভিনয় করার। এদিকে, কিছুদিন আগে একটি রিয়েলিটি শো’র নায়ক-নায়িকা খোঁজার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন রিচি। তিন বিচারকের একজন হিসেবে কাজ করেছেন তিনি।