এবারের ঈদের অন্যতম বড় ছবি ‘রাক্ষস’। মেহেদী হাসান হৃদয়ের এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। শুক্রবার মধ্যরাতে প্রকাশ হয়েছে ছবিটির ট্রেলার। ‘রাক্ষস’ মাঝরাতেই আসে আর তখনই শুরু হয় কোপ- ক্যাপশনে এমন বার্তা দিয়েই ট্রেলার প্রকাশ করা হয়। সিয়ামের তুমুল অ্যাকশন লুক, সুস্মিতা চট্টোপাধ্যায়ের সৌন্দর্যের ঝলক, ট্র্যাজেডি গল্পের ইঙ্গিত আর পাশাপাশি বরবাদের জিল্লুর চরিত্রের দেখা- সবমিলিয়ে ‘রাক্ষস’ জমিয়ে দিয়েছে বলা চলে। এদিকে, জিল্লুরের পাশাপাশি ট্রেলারে বরবাদের বেশ ছাপ স্পষ্ট। ট্রেলার প্রকাশের পর অনেকেই শাকিব খানের ‘প্রিন্স’র সঙ্গে তুলনা করছেন। অনেকের মতে, ‘রাক্ষস’র ট্রেলার ‘প্রিন্স’র চাইতেও জমে গেছে। কেউ বলছেন, ঈদে টক্কর দেবে এই দুই সিনেমা। ছবিটি নিয়ে হৃদয় বলেছিলেন, ‘রাক্ষস’-এ তুমুল ক্রেজি লাভ স্টোরি আছে। এ রকম লাভ স্টোরি গেল কয়েক বছরে দেখা যায়নি। প্রচণ্ড অ্যাকশন ও ভায়োলেন্স আছে।
সবমিলিয়ে দর্শক নতুন কিছু দেখবেন। ছবিটির আইটেম গানে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ‘হাউজফুল-৫’, ‘মাস্তি-৪’ ও ‘৩৬৫ ডেইজ’র মতো ছবিতে। এ ছাড়া, সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন তিনি। ছবির প্রযোজক আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি। প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রোডাকশন। পরিচালিত ছবিটিতে সিয়ামের বিপরীতে রয়েছেন ওপার বাংলার সুস্মিতা চ্যাটার্জি। ছবিটি নিয়ে সিয়াম বলেন, ‘রাক্ষস’ একটি পরিপূর্ণ সিনেমা। এখানে সব আছে। ভালোবাসা ও ভায়োলেন্সের গল্প। পরিচালক দুর্দান্তভাবে তুলে ধরেছেন সেটি। আমার বিশ্বাস, ঈদে ছবিটি দর্শকদের অন্য এক দুনিয়ায় নিয়ে যাবে।
