ইউরোপের আকাশে যাত্রীবাহী উড়োজাহাজ লক্ষ্য করে ধারাবাহিক বোমা হামলার হুমকিতে বিমান চলাচলে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইউরোপের বিভিন্ন দেশের একাধিক বাণিজ্যিক ফ্লাইটে বোমার হুমকি পাওয়ার পর কয়েকটি দেশ যুদ্ধবিমান মোতায়েন করে। ফ্রান্সে আয়ারল্যান্ডের বিমান সংস্থা অ্যার লিঙ্গাসের একটি যাত্রীবাহী উড়োজাহাজকে রাফাল ও মিরাজ যুদ্ধবিমানের পাহারায় সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করানো হয়।
ফ্রান্সের প্রধানমন্ত্রীর দপ্তরের তথ্য অনুযায়ী, ডাবলিন থেকে রোমগামী অ্যার লিঙ্গাসের এআই৪০২ ফ্লাইটে বোমার হুমকি পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করা হয়। এয়ারবাস এ৩২০ মডেলের উড়োজাহাজটিকে নরম্যান্ডির এভরো-ফভিল সামরিক বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। এ সময় ফরাসি বিমান ও মহাকাশ বাহিনীর একটি রাফাল যুদ্ধবিমান সেটিকে পাহারা দেয়। ফরাসি সংবাদমাধ্যম লা মঁদের প্রতিবেদন অনুযায়ী, সাঁ-দিজিয়ে বিমানঘাঁটি থেকে সকাল ৮টা ৪৫ মিনিটে রাফালটি উড্ডয়ন করে। পরে এভরো বিমানঘাঁটি থেকে একটি মিরাজ ২০০০-৫ যুদ্ধবিমানও অভিযানে যুক্ত হয়।
উড়োজাহাজটিতে ১৫১ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। স্থানীয় সময় সকাল ১০টা ৫ মিনিটের দিকে এটি এভরো সামরিক বিমানঘাঁটিতে নিরাপদে অবতরণ করে। এরপর যাত্রী ও ক্রুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা উড়োজাহাজটিতে তল্লাশি চালান। তবে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পরে যাত্রীদের বাসে করে প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে তাদের রোমে যাওয়ার ব্যবস্থা করা হয়।
ফ্রান্সের পাশাপাশি অস্ট্রিয়া, বুলগেরিয়া ও চেক প্রজাতন্ত্রেও নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়। অস্ট্রিয়ার আকাশসীমায় হুমকির মুখে থাকা কয়েকটি বাণিজ্যিক উড়োজাহাজকে ইউরোফাইটার যুদ্ধবিমান পাহারা দেয়। বুলগেরিয়ার বিমানবাহিনী তিনটি রায়ানএয়ার উড়োজাহাজকে পাহারা দিতে মিগ-২৯ যুদ্ধবিমান মোতায়েন করে। অন্যদিকে, চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের ভাকলাভ হাভেল বিমানবন্দরে অবতরণ করা চারটি উড়োজাহাজে বোমার হুমকি পাওয়ার পর তল্লাশি চালানো হয়। পোল্যান্ডের ওয়ারশর ফ্রেডেরিক শোপাঁ বিমানবন্দরের একটি রানওয়েও নিরাপত্তা পরীক্ষার জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার দিনের শেষ নাগাদ ইউরোপে প্রায় ৩০টি যাত্রীবাহী ফ্লাইট বোমার ভুয়া হুমকির কারণে কোনো না কোনোভাবে বিঘ্নিত হয়। তবে ইউরোপীয় বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ইউরোকন্ট্রোলের হিসাব অনুযায়ী, ওই দিন ১৪টি ফ্লাইটে বোমার হুমকির তথ্য পাওয়া যায়। বিভিন্ন সংস্থার হিসাবে হুমকি পাওয়া এবং সরাসরি ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ার সংখ্যা এক নয়।
এরপর শুক্রবার (৬ নভেম্বর) ফ্রান্সের আকাশসীমায় উড়োজাহাজ লক্ষ্য করে আরও চারটি বোমার হুমকি পাওয়ার কথা জানায় দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর। উড়োজাহাজগুলো নিরাপদে অবতরণ করে এবং সেগুলোতে নিরাপত্তা তল্লাশি চালানো হয়। তবে কোন কোন ফ্লাইট এই হুমকির মুখে পড়েছিল, সে বিষয়ে ফরাসি কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি।
একই দিন ইউরোপীয় ইউনিয়নের পরিবহন কমিশনার আপোস্তলোস তজিতজিকোস্তাস জানান, বৃহস্পতিবার ১৪টি এবং শুক্রবার আরও ১১টি বোমার হুমকির ঘটনা সম্পর্কে তাঁরা অবগত হয়েছেন। এসব ঘটনার মধ্যে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো তথ্য তখনো পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যালোচনায় ইউরোপীয় বিমান চলাচল ও নিরাপত্তা বিশেষজ্ঞদের বৈঠকের কথাও জানানো হয়েছে।
এদিকে, ইতালির রোম ও বুলগেরিয়ার সোফিয়া বিমানবন্দরে পাঠানো হুমকিমূলক ইমেইল নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এসব ইমেইলের কয়েকটিতে রাশিয়ায় নিষিদ্ধ উগ্র ডানপন্থী নারীবিদ্বেষী সংগঠন ‘মেল স্টেট’-এর নাম ব্যবহার করে দায় স্বীকারের দাবি করা হয়েছে। তবে ইমেইলগুলোর প্রকৃত প্রেরক কে, সংগঠনটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক রয়েছে কি না কিংবা ইউরোপজুড়ে ধারাবাহিক হুমকির পেছনে কোনো রাষ্ট্রের সংশ্লিষ্টতা আছে কি না, তা নিশ্চিত করা যায়নি। সংগঠনটির প্রতিষ্ঠাতা ভ্লাদিস্লাভ পোজনিয়াকভও এসব হুমকির সঙ্গে তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।
শুক্রবার নতুন করে আয়ারল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিই, যুক্তরাজ্যের স্কাই এবং বুলগেরিয়ার নোভা টিভিও নিরাপত্তা হুমকির মুখে পড়ে। ডাবলিনে আরটিইর কার্যালয় সাময়িকভাবে খালি করা হয়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে নিরাপদ ঘোষণা করলে কর্মীরা কার্যালয়ে ফিরে আসেন।
ইউরোপীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত এসব হুমকির ঘটনায় কোনো বিস্ফোরক উদ্ধার হয়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ধারাবাহিক হুমকির উৎস ও এর পেছনে কারা রয়েছে, তা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তা নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।
ইউরোপে বোমা হামলার হুমকিতে তোলপাড়, যাত্রীবাহী উড়োজাহাজ পাহারায় ফ্রান্সের রাফাল ও মিরাজ
আব্দুল মোমিত (রোমেল), প্যারিস থেকে
অনলাইন
৩৮ মিনিট আগে
৭ নভেম্বর (শনিবার), ২০২৬, ৮ঃ১৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
