আনসার সদর দপ্তরসহ একরাতে রাজধানীর ৪ স্পটে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

আনসার সদর দপ্তরসহ একরাতে রাজধানীর ৪ স্পটে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

ফন্ট সাইজ:

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরসহ রাজধানীর অন্তত চারটি গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে পৃথক সময়ে খিলগাঁও, বিমানবন্দর, শাহাবাগ ও কালশী মোড়ে এসব ঘটনা ঘটে। একই সঙ্গে বারিধারা এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নি সংযোগ করা হয়েছে। তবে এসব ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বিমানবন্দরের গোলচত্বরে পরপর দু’টি ককটেল বিস্ফোরণের ঘটানো হয়।

বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, ‘কে বা কারা উড়াল সেতু থেকে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।’

এর আগে রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে শাহবাগের আইবি গেটের সামনে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রথমে রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে আইবি গেটের সামনে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণের ঘটানো হয়। এরপর রাত ১২টা ১ মিনিটের দিকে শাহবাগের জুলাই চত্বরের পাশেও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমাদের ধারণা মোটরসাইকেলে থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। তবে এই দু’টি ঘটনায় কেউ হতাহত হয়নি।’

এর আগে মিরপুরের কালশী মোড়ে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

একটি ভিডিওতে দেখা যায়, নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলে এসে রাজধানীর মিরপুরের কালশী মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন,  ‘কারা বিস্ফোরণের ঘটনাটি ঘটিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এদিকে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

খিলগাঁও থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘আনসার সদর দপ্তরের ভেতরে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। ধারণা করা হচ্ছে, আশপাশের কোনো বাসার ছাদ অথবা নিচের কোনো স্থান থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।’

এর ঠিক কাছাকাছি সময়ে এদিন সন্ধ্যায় বারিধারার জে-ব্লক এলাকায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়।

জানা গেছে, নতুন বাজার এলাকায় যাত্রী নামানোর কিছু সময় পর বাসটিতে হঠাৎ আগুন দেয় দুর্বৃত্তরা। তবে কে বা কারা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি পরিবহন কোম্পানির কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও হেলপারকে থানায় নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।