সিলেটে যুবলীগের ঝটিকা মিছিল, ১২ নেতাকর্মী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সিলেট নগরীর ধোপাদীঘিরপাড়ে শুক্রবার সকালে মিছিল করার ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মিছিলের পর পরই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশ মিছিলে ব্যবহৃত ব্যানারও উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছেন- সকাল ৭টার দিকে জেলরোড থেকে ধোপাদীঘি পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করে। সিলেট মহানগর যুবলীগের ব্যানারে এই মিছিলে অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন মিছিলকারীরা। মিছিলের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২ জনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতদের কাছ থেকে একটি বড় ব্যানার, ৫টি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। আটককৃতরা হলো- জকিগঞ্জের শামসুল ইসলামের ছেলে মো. শাহেক আহমেদ, ইব্রাহিম আলীর ছেলে মোহাম্মদ সেলিম আহমেদ, আবুল কালামের ছেলে মুন্না আহমেদ, কানাইঘাটের ফরিদ আলীর ছেলে দেলোয়ার হোসেন, মেজবাহ উদ্দিনের ছেলে তানিম ইকবাল, নুরুল হকের ছেলে সালেহ আহমেদ, নসির আহমেদের ছেলে কিবরিয়া আহমেদ, মৃত মকবুল আলীর ছেলে আলী আহমদ, মৃত মমিন উদ্দিনের ছেলে এন এম নাদিম এবং দক্ষিণ সুরমার লিমন আহমেদের ছেলে ফাহিম হাসান রবি, আব্দুল মালিক খানের ছেলে জাকের খান ও রেহান উল্লাহর ছেলে জুনায়েদ আহমেদ।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।