৭২ ঘণ্টার আল্টিমেটামসহ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা

গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স

৭২ ঘণ্টার আল্টিমেটামসহ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা

ফন্ট সাইজ:

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজ) অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা। দাবি পূরণ না হলে কলেজের সব প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন তারা। শুক্রবার দুপুর ১২টার পরে কলেজের মূল ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর আগে কলেজের সামনের সড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে নীলক্ষেত মোড় থেকে আজিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা দু’টি দাবি তুলে ধরেন। প্রথম দাবি- মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।

পাশাপাশি ঘটনায় জড়িত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, কলেজের সব শিক্ষার্থীর পক্ষ থেকে অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তার পদত্যাগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে আনুষ্ঠানিক সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কলেজের সব প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

কলেজের একটি অনুষ্ঠানের নির্ধারিত সময়ের পরও অডিটোরিয়াম ব্যবহার করায় দুই শিক্ষার্থীর আবাসিক হলের আসন বাতিল করেন অধ্যক্ষ। পরে আসন ফিরিয়ে দেয়ার শর্ত হিসেবে তাদের কাছ থেকে এক রাতের অডিটোরিয়ামের শীতাতপ নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অধ্যক্ষকে উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের অভিযোগ ওঠে। এতে দুই ছাত্রী আহত হন বলে দাবি করেন আন্দোলনকারীরা।