ধাওয়া খেয়ে ডাব গাছে আশ্রয়, সাড়ে ৩ ঘণ্টা পর নামলো চোর

ধাওয়া খেয়ে ডাব গাছে আশ্রয়, সাড়ে ৩ ঘণ্টা পর নামলো চোর

ফন্ট সাইজ:

জামালপুর শহরে চুরির চেষ্টার অভিযোগে ধাওয়া খেয়ে একটি ডাব গাছে উঠে পড়ে এক যুবক। এরপর দীর্ঘ সময় ধরে চেষ্টা করেও তাকে গাছ থেকে নামাতে পারছিল না ফায়ার সার্ভিস ও পুলিশ। প্রায় সাড়ে তিন ঘণ্টা গাছের উপর থাকার পর শেষ পর্যন্ত পরিচিত স্থানীয় লোকজনের উপস্থিতিতে নিজেই নিচে নেমে আসে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের টিক্কাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে তাকে গাছ থেকে নামানো সম্ভব হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ৯টার দিকে ওই যুবক এলাকায় চুরির চেষ্টা করছিল। এ সময় স্থানীয়রা তাকে দেখতে পেয়ে ধাওয়া করেন। পালানোর চেষ্টা করতে গিয়ে সে একটি ডাব গাছে উঠে পড়ে।

এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গাছ থেকে নামতে রাজি হয়নি। রাত ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন কৌশলে তাকে নামানোর চেষ্টা করেন। বুঝিয়ে ও বিভিন্ন প্রলোভন দেখিয়েও প্রথম দিকে তাকে নামানো যায়নি। এমনকি একপর্যায়ে জামালপুর পৌরসভার সব সড়কবাতি নিভিয়ে দেয়া হয়। তাতেও কাজ হয়নি। পরে স্থানীয় পরিচিত ব্যক্তিরা ঘটনাস্থলে গেলে তাদের দেখে নিজেই গাছ থেকে নেমে আসে ওই যুবক।

এ বিষয়ে জামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, প্রথমে ওই যুবক গাছ থেকে নামতে রাজি হচ্ছিলো না। তার ধারণা ছিল, নিচে নামলেই পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। পরে তাকে বুঝালেও নামতে রাজি হননি। একপর্যায়ে সাড়ে তিন ঘণ্টা পর নিজেই গাছ থেকে নেমে আসে। পরে তাকে বুঝিয়ে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেয়া হয়েছে।