বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক শপথ গ্রহণ করেছেন। শুক্রবার সকালে জেলা শহরের নগুয়া এলাকার আল-ফারুক ট্রাস্ট মিলনায়তনে জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে আনুষ্ঠানিকভাবে তিনি শপথ গ্রহণ করেন। ২০২৭-২৮ সেশনের নবনির্বাচিত জেলা আমীরের শপথ উপলক্ষে এ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত জেলা আমীর আজিজুলকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন।
এ সময় সদ্য বিদায়ী জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, সাবেক জেলা আমীর মাওলানা তৈয়বুজ্জামান, সাবেক জেলা নায়েবে আমীর অধ্যাপক মোছাদ্দেক ভূঞা এবং জেলার মজলিসে শূরা সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, কিশোরগঞ্জে গত ২২শে অক্টোবর অনুষ্ঠিত রুকন সম্মেলনে স্বচ্ছ ব্যালট বাক্সে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা আমীর নির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হয়। পরে গত ৩রা নভেম্বর কেন্দ্রীয়ভাবে নবনির্বাচিত জেলা আমীর হিসেবে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হকের নাম ঘোষণা করা হয়।
