বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় থাকছে নানা আয়োজন। দিবসটির গুরুত্ব ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতে সরাসরি সম্প্রচার, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র এবং বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে রাষ্ট্রীয় এই সম্প্রচারমাধ্যম। ৭ই নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুল আলোচিত একটি দিন। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত ঘটনাপ্রবাহ দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে। সাধারণ সৈনিক ও জনতার মধ্যে সংহতির ঘটনাকে কেন্দ্র করে দিনটি বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিতি পায়। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে আসেন। দিবসটির অনুষ্ঠানমালা শুরু হবে সকাল ১০টায়। এ সময় ঢাকার আর্মি স্টেডিয়াম থেকে সশস্ত্র বাহিনীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি। সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ওপেন এয়ার কনসার্টও সরাসরি দেখানো হবে।
এদিকে, বিকাল সাড়ে ৪টায় প্রচারিত হবে ড. আনারুল হকের উপস্থাপনায় স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান। এতে আটজন কবি অংশ নেবেন। তাদের সঙ্গে কথোপকথনের পাশাপাশি থাকবে ৭ই নভেম্বরকে কেন্দ্র করে রচিত আটটি কবিতার আবৃত্তি। রাতের আয়োজনেও থাকছে বিশেষত্ব। রাত ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে ‘বিপ্লবের দিনগুলো’ শীর্ষক প্রামাণ্য অনুষ্ঠান। এরপর রাত ১১টায় শুরু হবে বিশেষ আলোচনা অনুষ্ঠান। ড. আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দিবসটির নানা দিক দর্শকদের সামনে তুলে ধরতেই বিটিভি’র এই বিশেষ সম্প্রচার আয়োজন।
