বিদায় বলে দিলেন রোনালদো

বিদায় বলে দিলেন রোনালদো

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের পর পর্তুগালের জার্সিতে আট ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলে ২৩ বছরের পথচলার ইতি টানলেন ৪১ বছর বয়সী এ তারকা। জাতীয় দলের হয়ে প্রায় দুই যুগের ক্যারিয়ারে ২৩৪ ম্যাচ খেলা রোনালদো গতকাল সামাজিক মাধ্যমে দীর্ঘ এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। আল নাসরের ফরোয়ার্ড ভিডিও বার্তায় বলেন, ‘পর্তুগালের মানুষদের বলছি, জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেয়ার দিন এসেছে। এই জার্সি কখনো শুধু আমার একার মনে হয়নি। কিন্তু ২৩ বছর এটি গায়ে চড়ানোর, রক্ষা করার এবং পৃথিবীর নানা স্টেডিয়ামে বয়ে বেড়ানোর সুযোগ ও দায়িত্ব আমি পেয়েছি।’ সিদ্ধান্তটি সহজ ছিল না জানিয়ে রোনালদো বলেন, ‘কিছু সিদ্ধান্ত শুধু মাথা দিয়ে নেয়া যায় না, হৃদয়েরও ভূমিকা থাকে।’

অবসরের ঘোষণার পর রোনালদোকে যথাযোগ্য সম্মান জানানোর পরিকল্পনার কথা জানায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। দেশের হয়ে অসাধারণ অবদানের স্বীকৃতিতে সমর্থক ও দেশের মানুষের উপস্থিতিতে পর্তুগালের চিরন্তন অধিনায়ককে সংবর্ধনা দিতে চায় ফেডারেশন। এক বিবৃতিতে এফপিএফ জানায়, ‘মাঠে রোনালদোর নিবেদন ও অবদান দেশের সীমানা ছাড়িয়ে বহু তরুণকে অনুপ্রাণিত করেছে। পর্তুগালের নাম বিশ্বে উজ্জ্বল করার পাশাপাশি তিনি নতুন প্রজন্মের কাছে হয়ে উঠেছেন অনুসরণীয় এক ব্যক্তিত্ব। ধন্যবাদ সবকিছুর জন্য, অধিনায়ক। এই ঘর সব সময় আপনারই থাকবে। চলুন, এবার ১ হাজার গোলের লক্ষ্যে এগিয়ে যাই।’

২০০৩ সালের ২০শে আগস্ট কাজাখস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে পর্তুগালের হয়ে রোনালদোর অভিষেক হয়। এরপর পর্তুগালের জার্সিতে গোল, ম্যাচ খেলা, বিশ্বকাপ ও ইউরোতে অংশগ্রহণ-সব ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের ছাপ রাখেন রোনালদো। বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য কীর্তি গড়া এই মহাতারকা আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের মালিক। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৬ গোল এবং রেকর্ড ২৩৪টি ম্যাচ খেলেছেন সিআরসেভেন। টানা ২৩ বছর দেশের জার্সিতে গোল করার পাশাপাশি প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ১০টি হ্যাটট্রিকের কীর্তি তার। বিশ্বকাপ ও ইউরোর বাছাইপর্বে সর্বোচ্চ ৪১টি করে গোল করার পাশাপাশি ৬টি ভিন্ন বিশ্বকাপে (২০০৬ থেকে ২০২৬) গোল করার বিশ্বরেকর্ড গড়েন রোনালদো। এছাড়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে সর্বোচ্চ ৩০ ম্যাচ, সর্বোচ্চ ১৪ গোল এবং ৬টি ইউরোর আসর খেলার রেকর্ড গড়েন। রোনালদোর নেতৃত্বে ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে পর্তুগাল। এরপর ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লীগের শিরোপাও জেতে দলটি। ২০২০ সালে সুইডেনের বিপক্ষে গোল করে প্রথম ইউরোপীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি।

পরে ২০২১ সালে আলী দাইয়ের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হন রোনালদো। ক্লাব ফুটবলেও অনন্য রোনালদো। উয়েফা চ্যাম্পিয়নস লীগে সর্বোচ্চ ১৪০ গোল, ১৮৩ ম্যাচ, এক মৌসুমে ১৭ গোল এবং ৫ বারের শিরোপা জয়সহ অগণিত রেকর্ডে নিজের করে নেন রোনালদো। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে তার বিদায়টা সুখকর হয়নি। গত সেপ্টেম্বরের শেষদিকে ডেনমার্কের বিপক্ষে নেশনস লীগের ম্যাচের আগের দিন কোচ জর্জ হেসুসের সঙ্গে বিরোধের জেরে কোপেনহেগেনে পর্তুগালের ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। তখন অভিযোগ করেন, কোচ জেসুস তাকে দেয়া কথা রাখেননি। এরপর এ ঘটনায় নিজের ভুল স্বীকারও করেছিলেন রোনালদো। এ ঘটনায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাকে সাময়িক নিষেধাজ্ঞা ও জরিমানা করে। আর সেই নিষেধাজ্ঞার মধ্যেই পর্তুগালকে বিদায় বললেন পাঁচবার ব্যালন ডি’অর জেতা এই মহাতারকা।