ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। কিন্তু এবারের সাফ চ্যাম্পিয়নশিপে সেই উত্তাপ কমই। ভারত এসেছে দ্বিতীয় সারির দল নিয়ে, পাকিস্তান দলেরও অনেকে এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেনি। তারপরে কাতারে লাগেজ আটকে থাকার কারণে ম্যাচের আগের দিন অনুশীলনও করতে পারেনি তারা। সাফের উদ্বোধনী ম্যাচে যার প্রভাব পরেছে ব্যাপকভাবে। প্রথমার্ধে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। শেষ দিকে দুই গোল করে পাকিস্তান লড়াই জমিয়ে তুললেও হার এড়াতে পারেনি।
গতকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ভারতের হয়ে জোড়া গোল করেন সুহাইল আহমেদ ভাট। অন্য গোলটি মাংলেংথান কিপগেনের। পাকিস্তানের হয়ে শেষ দিকে গোল করেন নাজিব উল্লাহ ও আলমগীর আলী খান গাজী।
ভারতের মূল দল নিউজিল্যান্ডের অকল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাওয়ায় সাফের জন্য দ্বিতীয় সারির দল পাঠিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। সেই দলেরও গুরুত্বপূর্ণ ১০ খেলোয়াড়কে পায়নি তারা। অন্যদিকে পাকিস্তানও মূল দলের প্রায় অর্ধেক খেলোয়াড়কে ছাড়াই খেলতে নামে। এদিন শুরু থেকে আধিপত্য ছিল ভারতের। দ্বাদশ মিনিটে সুহাইলের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। পরের মিনিটেই মুহাম্মেদ উভাইস মইকালের ক্রস থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন তিনি। ১৯তম মিনিটে আভিষেক ধনাঞ্জয়ের থ্রু পাস পেয়ে গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন সুহাইল। ৩২তম মিনিটে এন নওশাদের থ্রু পাস থেকে কিপগেনের শট পাকিস্তান গোলরক্ষক ইউসুফ ইজাজ বাটের পায়ে লেগে জালে জড়ালে ভারতের লিড হয় ৩-০। দুই মিনিট পর পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি পাকিস্তান। শায়েক দোস্তের শট চলে যায় পোস্টের বাইরে।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ভারত। তবে পাকিস্তান গোলরক্ষক ও রক্ষণভাগের বাধায় আর গোল পায়নি তারা। ৮৪তম মিনিটে নাজিবের শটও রুখে দেন ভারতীয় গোলরক্ষক আর্শ আনোয়ার শেখ। ম্যাচের নাটকীয়তা জমে ওঠে যোগ করা সময়ে। দ্বিতীয় মিনিটে জুনায়েদ আহমেদ শাহর ক্রস থেকে হেডে গোল করেন নাজিব। শেষ মুহূর্তে অ্যারন আব্দুল্লাহার পাস থেকে দৃষ্টিনন্দন সাইডভলিতে গোল করে ব্যবধান ৩-২ করেন আলমগীর। তবে এরপরই শেষ বাঁশি বাজলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। সাফে দুই দলের ১০ দেখায় এটি ভারতের অষ্টম জয়। একটি ম্যাচ হয়েছে ড্র। পাকিস্তানের একমাত্র জয়টি ২০০৩ সালে ঢাকায়, সেবার তারা ভারতকে হারিয়েছিল ১-০ গোলে। ২৩ বছর পর সেই স্মৃতি ফিরিয়ে আনার সুযোগ পেলেও এবার পারেনি পাকিস্তান।
