আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরীমনি

আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরীমনি

ফন্ট সাইজ:

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় জামিন বাতিলের পর আজ আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। একই সঙ্গে নতুন করে জামিনের আবেদন করবেন তিনি। বুধবার এ বিষয়ে জানতে চাওয়া হলে গণমাধ্যমকে পরীমনি বলেন, ‘কালকে যাব কোর্টে, যেহেতু পরোয়ানা জারি করে ফেলেছে।’ পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানিয়েছেন, আদালত তার মক্কেলের জামিন মঞ্জুর করবেন বলে তারা আশাবাদী। বুধবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। মামলার সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় এ আদেশ দেওয়া হয়। পরীমনির আইনজীবী আদালতে সময় চেয়ে আবেদন করেন।

সেখানে বলা হয়, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে তিনি হাজির হতে পারেননি। তবে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল এ আবেদনের বিরোধিতা করেন। তিনি বলেন, পরীমনি ইচ্ছাকৃতভাবে আদালতে অনুপস্থিত থেকে সময়ক্ষেপণ করছেন। দুই পক্ষের বক্তব্য শুনে আদালত সময়ের আবেদন নাকচ করেন। একই সঙ্গে জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। ২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ মামলাটি করেন। এতে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়। এর আগে ২০২১ সালে বোট ক্লাবে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগে নাসিরের বিরুদ্ধে মামলা করেছিলেন পরীমনি। ওই ঘটনার জেরেই পরবর্তী সময়ে পাল্টা মামলাটি করেন নাসির। বর্তমানে উভয় পক্ষের করা মামলার বিচার চলছে।