রাজধানীর কুর্মিটোলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক কনস্টেবল মো. এনামুল আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে সেখান থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ক্যান্টনমেন্ট থানা পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ নামে টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এতে বিস্ফোরণ ঘটলে গাড়ির চালকের আসনে থাকা কনস্টেবল মো. এনামুলের বাম চোখে সামান্য আঘাত লাগে।
বিষয়টি নিশ্চিত করে ক্যান্টনমেন্ট ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হয়। আর্মি গলফ ক্লাবের সামনে থাকা একটি টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে গাড়িতে চালকের আসনে থাকা পুলিশ সদস্য আহত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। আহত পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি আছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’
