জুলাই গণঅভ্যুত্থানে ৬ সমন্বয়ককে গুম-নির্যাতন: তদন্ত শেষ পর্যায়ে

জুলাই গণঅভ্যুত্থানে ৬ সমন্বয়ককে গুম-নির্যাতন: তদন্ত শেষ পর্যায়ে

ফন্ট সাইজ:

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পরবর্তী তারিখগুলোতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামীম।

এছাড়া আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ডা. দীপু মনিসহ সাবেক সরকারের গুরুত্বপূর্ণ সাতজন নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা ফর্মাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে কারাগারে থাকা ছয় আসামিকে আগামী ২২শে নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে এবং পলাতক এক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। শুনানি শেষে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামীম সাংবাদিকদের এ তথ্য জানান।

অভিযুক্ত সাতজন হলেন—আমির হোসেন আমু, মো. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, ডা. দীপু মনি, মির্জা আজম, মুহাম্মদ ফারুক খান এবং তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এই আসামিদের মধ্যে মির্জা আজম বর্তমানে পলাতক রয়েছেন এবং বাকি ৬ জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

তামীম আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় এই সাতজনের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল বিচারিক প্রক্রিয়া শুরুর আদেশ দিয়েছেন। পলাতক মির্জা আজমের বিরুদ্ধে পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তারের সাথে সাথে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া কারাগারে থাকা ছয় আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে আগামী ২২শে নভেম্বর হাজির করার দিন ধার্য করা হয়েছে।