এইচএসসিতে এক দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ১লা ডিসেম্বর

এইচএসসিতে এক দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ১লা ডিসেম্বর

ফন্ট সাইজ:

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীরা শুধু অকৃতকার্য হওয়া বিষয়ে আবার পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছেন আগামী ১লা ডিসেম্বর থেকে। নিয়মিত ও অনিয়মিত- দুই ধরনের পরীক্ষার্থীরাই এ পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন। 
গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সময়ে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ পরীক্ষার রুটিন জানিয়ে দেয়া হবে। এ পরীক্ষার ফরম পূরণ ৫ই নভেম্বর শুরু হয়ে চলবে ৯ই নভেম্বর পর্যন্ত। ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি জমা দেয়ার শেষ সময় ১০ই নভেম্বর।

বর্তমানে এসএসসি ও এইচএসসি’র মতো পাবলিক পরীক্ষায় কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে এক বছর পর, অর্থাৎ পরের বছরের পরীক্ষায় আবার বসতে হয়। সেক্ষেত্রে শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলো অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেয়ার সুযোগ থাকে। কিন্তু একটি বা দু’টি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে একজন শিক্ষার্থীকে দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়।
এবার এক মাসের মধ্যে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের আবারো পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ।

গত ৩১শে অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থী ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী।
এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পুনঃপরীক্ষা নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।