অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

শুরুতে আফগান পরীক্ষায় বাংলাদেশ

ফন্ট সাইজ:

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুই সপ্তাহ আগে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েও ২-২ সমতায় শেষ করে যুব টাইগাররা। সেই আফগান যুবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্র্ধ্ব-১৯ এশিয়া কাপ মিশন শুরু করবে ফরিদ হাসান ফয়সালের দল। ওমানের আল আমারাত ক্রিকেট একাডেমি মাঠে ম্যাচ শুরু সকাল ১১টায়।

এশিয়ার যুব বিশ্বকাপখ্যাত এই টুর্নামেন্টে দুইবার শিরোপা জেতে বাংলাদেশ। সবশেষ ২০২৪ সালে ভারতকে ৫৯ রানে হারিয়ে এ টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরে যুবারা। দুই বছর পর সেই শিরোপা পুনরুদ্ধারের মিশনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মিশনের শুরু বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। দু’দলের জন্য আল আমারাতের মাঠ পরিচিত। কিছুদিন আগে এখানে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে তারা। প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে আট উইকেটে ২৫০ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাব দিতে নেমে রুবাই ইসলাম রিজনের বোলিং তোপে পড়ে আফগানিস্তান যুবারা। ৩৭ রানে ফাইফার নেন রিজন। তার অসাধারণ বোলিং নৈপুণ্যে ৩৯ রানে জয় পায় বাংলাদেশ যুব দল। দ্বিতীয় ওয়ানতে দু’দলের মধ্যে হাড্ডাহাডি লড়াই হয়। আগে ব্যাট করে ৯ উইকেটে ৩০৪ রান তোলে আফগানিস্তান। জবাব দিতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আফগানিস্তানের সমান রান তোলে বাংলাদেশ।

ম্যাচ টাই হলে ফল নির্ধারিত হয় সুপার ওভারে। সেখানে জয় পায় লাল-সবুজ যুবারা। তৃতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। বাংলাদেশকে ৪৩ রানে হারায় তারা। এরপরও সিরিজ জেতার সুযোগ ছিল বাংলাদেশের। তবে শেষ ওয়ানডেতে ৪ উইকেটে হেরে ২-২ সমতায় সিরিজ শেষ করে যুবারা। সিরিজে দুই ম্যাচে ৯ উইকেট নিয়ে যৌথভাবে সেরা বোলার বাংলাদেশের রিজান ও আল আমিন। তবে আফগানিস্তানের সোবহান জাখিল সিরিজসেরা ব্যাটার হন। চার ম্যাচে ৪৮ গড়ে ১৯২ রান করেন তিনি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ১৩তম আসরের আয়োজক ওমান। আট দলের টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ আফগানিস্তান, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, নেপাল, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। আগামী ৭ই নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ৯ই নভেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে লাল-সবুজ যুবারা।