ছোট পর্দার অভিনেত্রী সারিকা সাবাহ। ধারাবাহিকভাবে বেশ কিছু নাটকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। বিশেষ করে ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’র মাধ্যমে ব্যাপক দর্শকপ্রিয়তা পান তিনি। এরপর একক নাটক করেছেন অনেকগুলো। টিভি নাটকের বাইরে গত বছর ওটিটিতে অভিষেক হয় তার। নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর ‘গুলমোহর’ সিরিজে দেখা যায় তাকে। এর মধ্যে ওটিটির জন্য একটি ওয়েব ফিল্মের শুটিংও শেষ করেছেন তিনি। সারিকা জানান, প্রযোজনা প্রতিষ্ঠান এখনো প্রজেক্টটির প্রচারণাসংক্রান্ত তথ্য প্রকাশের অনুমতি দেয়নি। চলতি বছরের শেষ নাগাদ এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এদিকে, টানা দুই বছর টেলিভিশন নাটকের কাজ থেকে বিরতি নিয়েছিলেন সারিকা। এ সময় ওটিটি ও বিজ্ঞাপনের কাজেই বেশি মনোযোগ দিয়েছেন তিনি।
এদিকে, আবারো ছোট পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন এ অভিনেত্রী। আসন্ন ভ্যালেন্টাইনস ডে ও ঈদের কাজ করছেন বলে জানান তিনি। দুটোই কাছাকাছি সময়ে হওয়ায় সম্প্রতি পাঁচ থেকে ছয়টি নাটকের শুটিং শেষ করেছেন সারিকা। এসব নাটকের বেশির ভাগেই তার বিপরীতে রয়েছেন সাদ সালামি নাওভি। পাশাপাশি নতুন ক’জন সহশিল্পীর সঙ্গেও কাজ করেছেন। সারিকা বলেন, আমার ও নাওভির জুটি দর্শক পছন্দ করে। আমরা অনেকদিন ধরেই একে অপরকে চিনি। নাওভি যখন কাজ শুরু করলো, তখন পেশাগতভাবেও আমাদের যোগাযোগ বাড়তে থাকে। আমাদের মধ্যে আন্তরিক সম্পর্ক থাকায় অভিনয় ও গল্প বলার ধরন নিয়ে একে অপরকে খোলামেলা মতামত দিতে পারি। এতে দু’জনেরই ইম্প্রুভমেন্ট হয়।
