রাজধানীর মিরপুরের কালশীতে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ সময় এক পুলিশ সদস্যকে কয়েকজন ঘিরে ধরে মারধর করেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের কাছে কালশী সড়কে একটি সুপারশপের সামনে এ ঘটনা ঘটে।
তারা ওই পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র নিয়ে রাস্তায় ফেলে দিয়েছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
ওই রাস্তার কাছের একটি বাসার বারান্দা থেকে পুলিশ সদস্যকে মারধরের ওই ভিডিও ধারণ করেন এক নারী। গণমাধ্যমকে ওই নারী বলেন, ‘বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করছিল পুলিশ। এ সময় কয়েকজন পুলিশ সদস্য বিক্ষোভকারীদের ধাওয়া দেন। একপর্যায়ে তারা আন্দোলনকারীদের মাঝখানে পড়ে যান।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম (দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তৌহিদুল আরিফ সাংবাদিকদের জানান, এ বিষয়ে তারা এখনো কিছু জানেন না। খোঁজ নিয়ে পরে বলতে পারবেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। উদ্ভূত এই পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন।
