চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সামনে সড়ক দুর্ঘটনায় মাইশা মুশফিরাত (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী।
মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডালাস পেট্রোল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
নিহত মাইশা মুশফিরাত আইআইইউসির ইংরেজি ভাষা ও সাহিত্য (ইএলএল) বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটতকিয়া গ্রামের সাখাওয়াত হোসেন ও সালমা আক্তার দম্পতির মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য তিন শিক্ষার্থী ক্যাম্পাসে আসছিলেন। এ সময় মহাসড়ক পার হওয়ার সময় ৮ নম্বরের একটি লোকাল বাস তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে মাইশাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত অপর দুই শিক্ষার্থীর মধ্যে একজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোস্তফা মনির চৌধুরী দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
