মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জে সার পাচারের সময় ডিলারসহ আটক ২, কারাদণ্ড

মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জে সার পাচারের সময় ডিলারসহ আটক ২, কারাদণ্ড

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অবৈধভাবে পাচারের সময় ৮০ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় সারের ডিলারসহ দু’জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—বিসিআইসি সার ডিলার মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম শাহনেওয়াজ (৪৫) এবং নসিমন চালক মো. মতিন (৪৮)।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আসামিরা স্বেচ্ছায় দোষ স্বীকার করায় গোলাম শাহনেওয়াজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপরদিকে নসিমন চালক মো. মতিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. ইকরামুল হক নাহিদ বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করা এবং সার পাচার ও অবৈধ মজুত রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কৃষকদের প্রাপ্য সার যাতে কোনোভাবেই অসাধু উপায়ে অন্যত্র সরিয়ে নেওয়া না হয়, সে বিষয়ে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।’