বাংলাদেশের চামড়া, নন-লেদার, তৈরি পোশাক ও জাহাজ নির্মাণ খাতে তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একইসঙ্গে তুর্কির বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্প্রসারণে বিদ্যমান কাস্টমস সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর ও অতিরিক্ত শুল্ক কমানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। সোমবার ইস্তাম্বুলের হিলটন হোটেলে তুর্কির বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আহ্বান জানান বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী।
বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প খাতগুলোয় বিনিয়োগের সুযোগ তুর্কি ব্যবসায়ীদের কাজে লাগানোর আহ্বান জানান। বিশেষ করে চামড়া ও নন-লেদার পণ্য, তৈরি পোশাক এবং জাহাজ নির্মাণ শিল্পে তুর্কি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন তিনি। আলোচনায় তুর্কির বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ও কাস্টমস সংক্রান্ত বাধার বিষয়টি তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। এসব প্রতিবন্ধকতা নিরসন এবং অতিরিক্ত শুল্ক হ্রাসে তুর্কির বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা চান তিনি। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত বাণিজ্যিক অংশীদারিত্বে এগিয়ে নেয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। তারা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে। এ সময় দু’দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কমসেকের ৪২তম মিনিস্ট্রিয়াল মিটিংয়ে অংশ নিতে তুর্কি সফর করছেন।
