সিলেট সফরে যেসব মেসেজ দিলেন রিজভী

সিলেট সফরে যেসব মেসেজ দিলেন রিজভী

ফন্ট সাইজ:

সিলেটে কয়েক ঘণ্টার সফরে এসেছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দলের নেতাদের নিয়ে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক বৈঠক করেন ভারপ্রাপ্ত মহাসচিব। দলের নেতারা জানিয়েছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি ছিল ভারপ্রাপ্ত মহাসচিবের মূল প্রোগ্রাম। সকালে তিনি সিলেটে পৌঁছে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি নগরের দরগাহ গেইট এলাকার একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে দেশের সাম্প্রতিক পরিস্থিতি সহ নানা বিষয় নিয়ে কথা বলেন। সরকারের বিরুদ্ধে দেশ ও বাইরে থেকে নানা চক্রান্ত চলছে বলে নেতাকর্মীদের সতর্ক করে যান। বিকালে তিনি নগরের কাজিরবাজারে নগর বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিটি অনুষ্ঠানে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা ছাড়াও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। নেতারা জানিয়েছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব দলীয় নেতাদের সঙ্গে কয়েক দফা আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক বৈঠক করেন। এসব বৈঠকে সামনে ইউপি নির্বাচনে দলের তরফ থেকে একক প্রার্থী দেয়ার বিষয়ে আলোচনা করেন। ভারপ্রাপ্ত মহাসচিব স্পষ্ট জানান, সিলেট অঞ্চলের প্রতিটি ইউপি নির্বাচনে যেন দলের তরফ থেকে একক প্রার্থী দেয়া হয়। প্রার্থী দেয়ার ক্ষেত্রে সর্বজন গ্রহণযোগ্য, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের প্রাধান্য দেয়ার বিষয়ে তিনি নেতাকর্মীদের ভূমিকা রাখার কথা বলেন। একইসঙ্গে দলের ভেতরে অনৈক্য যাতে সৃষ্টি না হয়, সেজন্য সিনিয়র নেতাদের নজর রাখার নির্দেশ দেন। বলেন, দলের নেতাকর্মীদের মধ্যে অনেকে এখন মূল্যায়ন চায়। তারা যাতে অবমূল্যায়িত না হয়, সেজন্য সিনিয়র নেতাদের দৃষ্টি রাখতে হবে।

এখন যেহেতু বিএনপি সরকার ক্ষমতায়, সে কারণে দলের নেতাকর্মীরাও সরকারের অংশ। তাদের বিতর্কিত কর্মকাণ্ড দলকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী পেশিশক্তি, সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। দলীয় কর্মী হিসেবে সবাইকে এ নীতি গ্রহণ করার আহ্বান জানান তিনি। সিলেটের দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার কথাও জানিয়ে গেছেন ভারপ্রাপ্ত মহাসচিব। এজন্য তৃণমূল থেকে দলকে গড়ে তোলার উপর তাগিদ দেন তিনি। মহাসচিবের সিলেটের এ সফর সম্পর্কে বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী সন্ধ্যায় মানবজমিনকে জানিয়েছেন, ভারপ্রাপ্ত মহাসচিব সিলেট সফরকালে নানা বিষয় নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। দলের ভেতরে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা তো একটি ধারাবাহিক প্রক্রিয়া। সেটি আমরা চালাচ্ছি। তবে মহাসচিবের যে মেসেজটি গুরুত্বপূর্ণ ছিল, সেটি হচ্ছে- দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকা। কোনো বিভেদ, বিরোধ বা বিতর্কিত কর্মকাণ্ডে যাতে দল ও সরকার ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখার নির্দেশনা দিয়ে গেছেন।

এছাড়া সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের মেসেজ জনগণের কাছে পৌঁছে দেয়ার কথা বলেছেন। এদিকে, জেলা বিএনপি’র আয়োজনে সংবাদ সম্মেলনে অংশ নেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব। সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি জানিয়েছেন, মহাসচিবের সিলেটের এই সফর দলের নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ। নানা বিষয় নিয়ে দেশকে বর্তমানে অস্থির করার চেষ্টা করা হচ্ছে। এজন্য দলের নেতাকর্মীদের সজাগ থাকার বিষয়ে ভারপ্রাপ্ত মহাসচিবের নির্দেশনা রয়েছে। একইসঙ্গে দলের তৃণমূল থেকে জেলা পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিষয়ে তিনি কথা বলেছেন। সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী জানিয়েছেন, ভারপ্রাপ্ত মহাসচিবের এবারের সফরে দলের শৃঙ্খলা রক্ষার উপর বেশি তাগিদ দিয়েছেন। একইসঙ্গে দল ও সরকারকে বিতর্কমুক্ত রাখতে নেতাকর্মীদের খারাপ কাজ থেকে দুরে থাকার কথা বলেছেন। প্রয়োজন হলে দলের সিনিয়র নেতাদের আরও বেশি কঠোর হওয়ার কথাও বলে গেছেন তিনি। এমদাদ বলেন, সামনে সিটি, ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচনে একক প্রার্থী নির্বাচন ছাড়াও বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখতে সিলেটের সব নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে এক কাতারে থাকার পরামর্শ দিয়ে গেছেন। তার এই মেসেজ তৃণমূল পর্যন্ত পৌঁছে দেয়ার কথা বলে গেছেন। মহানগর বিএনপি’র সঙ্গে মতবিনিময়: দুপুরে নগরীর তোপখানাস্থ কার্যালয়ে সিলেট মহানগর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি চোরাপথে যাতে কেউ দেশে ঢুকে অস্থিরতা সৃষ্টি করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মালিক, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সুনামগঞ্জের জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী প্রমুখ।