ভারতের বিরোধী দলের বিরুদ্ধে করা মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন, মোদি বিদেশি সমর্থনে প্রধানমন্ত্রী হয়েছেন এবং সেই পদে বহাল আছেন। তিনি প্রধানমন্ত্রী মোদিকে একটি খোলা বিতর্কের জন্য চ্যালেঞ্জও জানিয়েছেন এবং বলেছেন, তিনি যেকোনো মঞ্চে এবং যেকোনো সময়ে তার মুখোমুখি হতে প্রস্তুত।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধী দলকে লক্ষ্য করে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।
গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটিতে রাষ্ট্রীয় একতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মোদি বিরোধী দলের বিরুদ্ধে আক্রমণ করেন। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিরোধী দল সরকারি নীতি নিয়ে প্রশ্ন তোলার গণতান্ত্রিক দায়িত্ব ত্যাগ করে একটি প্রতিবন্ধক শক্তিতে পরিণত হয়েছে। তিনি আরও অভিযোগ করেছেন, কিছু শক্তি দেশকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে, বিদেশে ভারত-বিরোধী শক্তির সঙ্গে তাদের কথিত যোগসূত্র নিয়ে প্রশ্ন তোলেন এবং গুজব ছড়াতে ও ভারতের ভাবমূর্তি নষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেন।
সোমবার এক্সে একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদির মন্তব্যের জবাবে রাহুল গান্ধী বলেছেন, “মি. মোদি, এই জাতির কাছে মিথ্যা বলা বন্ধ করুন। আপনি বিদেশি সহায়তার কারণে প্রধানমন্ত্রী হয়েছেন। বিদেশি সহায়তার কারণেই আপনি প্রধানমন্ত্রী হয়ে আছেন।”
রাহুল আরও অভিযোগ করেন, ভারতের আর্থিক ব্যবস্থা সম্পূর্ণরূপে বিদেশিদের দ্বারা নিয়ন্ত্রিত ও সমর্থিত এবং দাবি করেন যে, বিদেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমগুলো প্রধানমন্ত্রীকে সমর্থন করে।
আমি আপনাকে এই বিষয়ে একটি খোলা বিতর্কের জন্য চ্যালেঞ্জ জানাচ্ছি। যেকোনো মঞ্চে, যেকোনো সময়। সাহস থাকলে আসুন,” গান্ধী লিখেছেন।
কংগ্রেস নেতা এ ধরনের বিতর্কে প্রধানমন্ত্রী মোদির অংশগ্রহণের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং দাবি করেছেন, তিনি তার সম্পর্কে যা জানেন তা নিয়ে প্রধানমন্ত্রী ভীত। তিনি আরও বলেছেন, “আপনি সাহস করবেন না, কারণ আমি আপনার সম্পর্কে যা জানি তা নিয়ে আপনি আতঙ্কিত।”
