চট্টগ্রামের বোয়ালখালীতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। এতে গাড়ির চালক আহত হলেও প্রাণে রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা এক দম্পতি ও তাদের চার মাস বয়সী শিশুসন্তান। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা স্টেশনের দক্ষিণে খিতাপচর মল্লারঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগর থেকে আসা ওই পরিবারটি খিতাপচর মাজার জিয়ারত শেষে শ্রীপুর বুড়া মসজিদের উদ্দেশ্যে যাচ্ছিল।
পথে প্রাইভেটকারটি রেললাইনে উঠে পড়লে কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে গাড়ির চালক আহত হন। তবে গাড়িতে থাকা দম্পতি ও তাদের শিশুসন্তান অক্ষত থাকেন। বোয়ালখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মতিন বলেন, দুর্ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। চালক আহত হলেও, অন্য যাত্রীরা সুস্থ রয়েছেন। গোমদণ্ডী স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, বেঙ্গুরা খিতাপচর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। মহানগর এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল। সকাল সাড়ে ১১টার দিকে ট্রেনটি গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে।
