মুষলধারে বৃষ্টিতে ভিজলেন রাজা চার্লস

‘ছাতাটা কোথায়?’

মুষলধারে বৃষ্টিতে ভিজলেন রাজা চার্লস

ফন্ট সাইজ:

অপ্রত্যাশিত মুষলধারে বৃষ্টিতে ভিজতে হলো বৃটিশ রাজা তৃতীয় চার্লসকে। অ্যান্টিগুয়া ও বারবুডার স্বাধীনতার ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রোববার এমন পরিস্থিতিতে পড়েন তিনি। তবে পরিস্থিতি সামাল দিতে গিয়ে তার রসিকতাপূর্ণ আচরণ উপস্থিত অতিথিদের মধ্যে হাসির রোল সৃষ্টি করেছে।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সামরিক কুচকাওয়াজ চলাকালে জাতীয় সংগীত বাজতে শুরু করলে হঠাৎ বৃষ্টি নামে। স্থানীয় রীতি অনুযায়ী, জাতীয় সংগীত চলার সময় সবাইকে স্থির দাঁড়িয়ে থাকতে হয়। এ কারণে তাৎক্ষণিকভাবে রাজার জন্য ছাতার ব্যবস্থা করতে পারেননি কর্মকর্তারা।
এ সময় মঞ্চে দাঁড়িয়ে হাত নেড়ে রাজা চার্লসকে বলতে শোনা যায়, ‘ছাতাটা কোথায়?’ এরপর হাত দিয়ে ছাতা ধরে রাখার ভঙ্গি করে উপস্থিত পারিষদদের দিকে তাকিয়ে হাসেন তিনি।

কিছুক্ষণের মধ্যেই তার সামরিক সহকারী মেজর বেন রিগবি একটি ছাতা নিয়ে আসেন। তবে ততক্ষণে বৃষ্টিতে ভিজে যান রাজা। অন্যদিকে, রানি ক্যামিলাকে আগেই ছাতা দিয়ে পাশের একটি ছাউনিতে নিয়ে যাওয়া হয়েছিল।
এদিন বৃষ্টি উপেক্ষা করেই মাঠে নেমে সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করেন চার্লস। এ সময় ক্যাডেট, স্কাউট ও নার্সিং শিক্ষার্থীদের অভিবাদন গ্রহণ করেন তিনি।
প্রায় পাঁচ মিনিট পর বৃষ্টি থামলে অ্যান্টিগুয়ার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনের সঙ্গে দেখা করেন রাজা। তখন নিজের ভেজা পোশাক নিয়ে রসিকতা করে বলেন, ‘পোশাকে বোধহয় এবার জলজ শাকপাতা গজিয়ে উঠবে!’

কুচকাওয়াজ শেষে ওয়েস্ট ইন্ডিজের চার কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডস, স্যার রিচি রিচার্ডসন, স্যার অ্যান্ডি রবার্টস ও স্যার কার্টলি অ্যামব্রোজের সঙ্গে সাক্ষাৎ করেন রাজা ও রানি।

এর আগে বৃষ্টিতে ভেজা পোশাক ও এলোমেলো চুল দেখিয়ে সাংবাদিকদের উদ্দেশে হেসে রানি ক্যামিলা বলেন, ‘আমি তো হাল ছেড়ে দিয়েছি!’ একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচের স্মারক মুদ্রা টসের মধ্য দিয়ে স্টেডিয়ামে আয়োজিত কর্মসূচি শেষ করেন রাজা চার্লস।
মঙ্গলবার দেশটিতে অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) যোগ দেয়ার কথা রয়েছে তার।