‘জন্মদিন নিয়ে বিশেষ পরিকল্পনা নেই’

‘জন্মদিন নিয়ে বিশেষ পরিকল্পনা নেই’

ফন্ট সাইজ:

আজ বাংলাদেশের চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন। যদিও তিন বছর হয়ে গেল তিনি দেশে নেই। কিন্তু তার জন্মদিনে ঢাকা এবং ঢাকার বাইরে তার ফ্যান ক্লাবের বিশেষ বিশেষ আয়োজন থাকে। শুধু তাই নয়, তার স্বামী ওমর সানীরও বিশেষ চমক থাকে মৌসুমীর জন্মদিনকে ঘিরে। খোঁজ নিয়ে জানা গেল, মৌসুমীর জন্মদিনে অর্থাৎ আজ বিকালে রাজধানীর ফার্মগেটে ‘মৌসুমী ফ্যান ক্লাব’র উদ্যোগে বিশেষভাবে দিনটি উদ্যাপন করা হবে।

এ প্রসঙ্গে ওমর সানী বলেন, আমার স্ত্রী এবং আমার মেয়ে আমাকে বলেছে যেন আমার এবং পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয় এবং এর পাশাপাশি আমি আরেকটা কাজও করছি সেটা আসলে কেউ জানুক তা চাই না। কারণ সেটা জানানোর জন্য করছি না। আর ফ্যান ক্লাব থেকে যা করা হচ্ছে, সেখানে আমি শুধু প্রধান অতিথি হিসেবে থাকবো। যুক্তরাষ্ট্র থেকে প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, এখানে আসলে জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই আমার। আম্মু, আমার মেয়ে এবং বোনরা মিলে যুক্তরাষ্ট্রেই একসঙ্গে সুন্দর সময় কাটানোর চেষ্টা করবো। ঘরোয়া আয়োজনের মধ্যদিয়েই সময় কাটবে, নিজেরা নিজেরা খাওয়া-দাওয়া করবো। ব্যস, এই তো। ঢাকায় থাকলে হয়তো একটু ভিন্ন কিছুর আয়োজন হতো। তা ছাড়া, ইসলামে যেহেতু জন্মদিনে কোনো কিছু করার রীতি নেই।

এই সময়ে এসে সেটা আরও একটু মেনে চলার চেষ্টা করি, আর কী! তারপরও দেখা যায় যে ঢাকায় সানী নানা কিছু করে, আমার ফ্যান ক্লাব থেকে দেশ জুড়েই ফ্যানরা অনেক কিছু করে। সেসব আমি দূর থেকে উপভোগ করি, ভালোই লাগে। ছোটবেলায় আব্বু আমার জন্মদিনে এতিম খানায় খাওয়া-দাওয়া করাতেন। সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের সহযোগিতা করতেন। কিন্তু বাসায় বিশেষ কোনো উৎসবের বিষয়ে অনাগ্রহ ছিল তার। আবার আম্মু অনেক রান্নাবান্না করতেন, আত্মীয়স্বজনদের ডেকে খাওয়াতে ভালোবাসতেন আম্মু। সেই সময়টা আসলে খুব মিস করি।