অভিনয়কে ঘিরেই ছোঁয়ার স্বপ্ন

অভিনয়কে ঘিরেই ছোঁয়ার স্বপ্ন

ফন্ট সাইজ:

পেশাগতভাবে তিনি ডাক্তারি পেশার সঙ্গে সম্পৃক্ত হলেও গত ৩১শে অক্টোবর থেকে তার জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। সেদিন রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘মিস অ্যান্ড মিসেস ডক্টর: সিজন-১’ প্রতিযোগিতায় বিজয়ের মুকুট ছোঁয়ার মাথায় ওঠে। যেন বিশ্বাসই হচ্ছিল না তার। সেদিনের সেই সফলতার পর তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন শো ডিরেক্টর সাকিব সনেট এবং শো’র সিইও এবং অর্গানাইজার ড. হাসান মাহমুদের প্রতি।

ডাক্তারি পড়াশোনা শেষ করার আগেই ছোঁয়া টুকটাক অভিনয় করেছেন। পাশাপাশি তিনি নাচ, আঁকাআঁকি এবং গানেও বেশ পারদর্শী। শতভাগ সংস্কৃতিমনা একজন মানুষ কানিজ ফাতেমা ছোঁয়া। ২০২৫ সালে রাশিয়ার ‘রস্তভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি’ থেকে এমবিবিএস সম্পন্ন করেন তিনি। খুলনার মেয়ে ছোঁয়ার নিজের ডাক্তারি পেশা নিয়ে যেমন অনেক স্বপ্ন, তেমনি অভিনয়টাও তিনি করে যেতে চান। কারণ অভিনয়ের প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা। ছোঁয়ার বাবা একটা সময় ব্যাংকে চাকরি করতেন।

কিন্তু গত দেড় বছর হলো স্ট্রোক করে তিনি অসুস্থ হয়ে বাসাতেই আছেন। আগামী দিনের স্বপ্ন প্রসঙ্গে ছোঁয়া বলেন, সংস্কৃতির প্রতি একটা আলাদা টান অনুভব করি। আমার অভিনয় করতে, গান গাইতে ও নাচতে ভালো লাগে। ছবি আঁকতেও ভালো লাগে। এই রিয়েলিটি শো’তে যখন চ্যাম্পিয়ন হলাম, তখন বারবার শুধু আব্বুর চেহারাটাই ভেসে উঠছিল। কারণ আব্বু আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিতেন। যে কারণে সেই সময়ের ছবিগুলোতে আমার হাসিটা অনুপস্থিত। যেহেতু আমি একজন ডাক্তারই হবো, তারপরও অভিনয়টা করে যেতে চাই।