বিপাশা হায়াতের পরিকল্পনা

বিপাশা হায়াতের পরিকল্পনা

ফন্ট সাইজ:

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, নাট্যকার ও চিত্রশিল্পী বিপাশা হায়াত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন— সম্প্রতি এমনটাই জানিয়েছেন তিনি। প্রায় তিন বছর পর সিনেমাটির কাজ শুরু করার ইচ্ছা রয়েছে তার। বিপাশা বলেন, চলচ্চিত্র নির্মাতা হওয়ার জন্য নয়, বরং নিজের জীবনের গুরুত্বপূর্ণ ভাবনা ও মুক্তিযুদ্ধের অনুভূতি তুলে ধরতেই সিনেমাটি নির্মাণ করতে চান। তিনি ১৯৭১ সালে জন্মগ্রহণ করেছেন। মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে বিষয়টির প্রতি নিজের দায়বদ্ধতা অনুভব করেন। সিনেমার বাজেট কিংবা কারিগরি আয়োজনের চেয়ে গল্প ও অনুভূতিকে গুরুত্ব দিতে চান তিনি। অভিনয় থেকে দূরে থাকলেও নিয়মিত কাজের প্রস্তাব পাচ্ছেন বিপাশা। তবে ভালো গল্প, চিত্রনাট্য ও শিল্পের দর্শন না থাকলে কাজে যুক্ত হতে চান না।

তার ভাষায়, শুধু সংলাপ লিখলেই নাটক হয় না; এর পেছনে থাকতে হয় বিশেষ তাড়না। চিত্রশিল্পী হিসেবে নিজের কাজ প্রসঙ্গে তিনি বলেন, ক্যানভাসে নিজের মনোজগৎ প্রকাশ করেন। পাশাপাশি কবিতাকে জীবনের বিভিন্ন বাঁকে পরিবর্তনের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। জীবনসঙ্গী তৌকীর আহমেদ প্রসঙ্গে বিপাশা জানান, তিনি তার বন্ধু ও সহযাত্রী।

শিল্পের প্রতি দু’জনেরই গভীর সম্মান রয়েছে। বাবা অভিনেতা আবুল হায়াতের কাছ থেকেও অনেক কিছু শিখেছেন বলে জানান এ অভিনেত্রী। উল্লেখ্য, ‘আগুনের পরশমণি’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বিপাশা।