বাংলা কিউআর কোডে এখন লেনদেন করা যাবে ব্যক্তিপর্যায়ে

ফন্ট সাইজ:

বাংলা কিউআর কোডের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিপর্যায়ে (পিটুপি) লেনদেনের সুবিধা চালু হয়েছে। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যবস্থা চালু হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় যুক্ত হলো নতুন সুবিধা। ফলে এই সেবার আওতায় একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠাতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে টাকা পাঠানোর জন্য প্রাপকের মোবাইল নম্বর বা অ্যাকাউন্ট নম্বর টাইপ করার প্রয়োজন হবে না। কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাই করেই লেনদেন সম্পন্ন করা যাবে।
এর আগে দেশের সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) ৩১ অক্টোবরের মধ্যে নিজ নিজ মোবাইল অ্যাপে এই সুবিধা যুক্ত করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, দৈনন্দিন লেনদেনে নগদ টাকার ওপর নির্ভরতা কমাতে এবং ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে পিটুপি লেনদেনের এই সুবিধা সহায়তা করবে। তারা বলেন, ‘এই উদ্যোগ দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে নগদ টাকাবিহীন লেনদেন বাড়াতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
লেনদেন আরও স্বচ্ছ, নিরাপদ ও কম খরচে দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ২০২৩ সালে কিউআর কোডের মাধ্যমে লেনদেনের একটি সমন্বিত ব্যবস্থা চালু করে কেন্দ্রীয় ব্যাংক।