শিক্ষার্থীদেরও সড়ক নিরাপত্তায় দায়িত্বশীল হতে হবে: শাহাদাত হোসেন

শিক্ষার্থীদেরও সড়ক নিরাপত্তায় দায়িত্বশীল হতে হবে: শাহাদাত হোসেন

ফন্ট সাইজ:

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সড়ক নিরাপত্তা শুধু সরকার, পুলিশ বা চালকদের দায়িত্ব নয়; শিক্ষার্থীদেরও নিজের ও অন্যের নিরাপত্তায় দায়িত্বশীল হতে হবে। একটি ছোট অসতর্কতা কখনও কখনও একটি পরিবারের জন্য সারাজীবনের কান্নার কারণ হয়ে দাঁড়াতে পারে। সোমবার দুপুরে কর্ণফুলী উপজেলার আজিমপাড়ায় আয়ুব-বিবি সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত শিক্ষার্থী সমাবেশ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলতে হবে। রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে। পাশাপাশি সহপাঠী ও পরিবারের সদস্যদেরও সড়ক নিরাপত্তায় সচেতন করতে হবে।

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে আয়ুব-বিবি ট্রাস্ট ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব আজিম আলীর সভাপতিত্বে এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো. রিদুয়ানুল ইসলাম, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ নুর আহমদ ও আয়ূব-বিবি সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহফুজ আহমদ।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব আজিম আলী বলেন, শিক্ষার্থীদের নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি সহপাঠীদেরও নিরাপদ সড়ক বিষয়ে সচেতন করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের চালক, প্রকৌশলী, চিকিৎসক ও নীতিনির্ধারক। তাদের মধ্যে আইন মানা ও দায়িত্বশীলতার চর্চা গড়ে উঠলে ভবিষ্যতে নিরাপদ সড়কব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে।
পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।