রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকরা। সোমবার সকাল ৯টার দিকে আন্দোলনকারীরা জড়ো হয়ে মিরপুর-১০ নম্বরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে টিয়ারগ্যাস নিক্ষেপ ও ধাওয়া দিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে পোশাকশ্রমিকরা জড়ো হতে থাকেন। পরে তারা মিরপুর-১০ নম্বরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। এ সময় পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে এবং ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের এ আন্দোলনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
উল্লেখ্য, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিসহ বিভিন্ন দাবিতে গতকাল রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে আন্দোলন শুরু করে পোশাকশ্রমিকেরা। আন্দোলনকে কেন্দ্র করে এসব এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এতে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধের ঘটনা ঘটে।
ওই দিন তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার। সচিবালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে নতুন মজুরি বোর্ডের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
