ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। সোমবার সকাল থেকে অবরোধ শুরু করেন তারা। যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই বন্ধ করা।
শ্রমিকদের অভিযোগ, বিভিন্ন অজুহাতে কারখানা কর্তৃপক্ষ ইচ্ছেমতো শ্রমিক ছাঁটাই করছে। এটার প্রতিবাদে এবং মজুরি বৃদ্ধির দাবিতে তারা রাজপথে নেমেছেন।
উল্লেখ্য, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিসহ বিভিন্ন দাবিতে গতকাল রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে আন্দোলন শুরু করে পোশাকশ্রমিকেরা। আন্দোলনকে কেন্দ্র করে এসব এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এতে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধের ঘটনা ঘটে।
ওই দিন তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার। সচিবালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে নতুন মজুরি বোর্ডের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
