সারা দেশের ন্যায় গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনেও শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। টানা ১৯ দিনের প্রচারণা শেষ হওয়ার পর এখন চলছে চুলচেরা বিশ্লেষণ ও ভোটের হিসাবনিকাশ। কে হবেন আগামী দিনের কর্ণধার এ অপেক্ষায় আছেন ভোটাররা। অপরদিকে চলছে ভোটের দিনের নিরাপত্তা নিয়েও আলোচনা। ইতিমধ্যে নিরাপত্তাও জোরদারের অংশ হিসেবে বিভিন্ন স্থানে প্রশাসনের নজরদারি রয়েছে বলে জানা গেছে। গাইবান্ধা-৩ আসনে ১০ জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন। তারা হলেনÑ ধানের শীষ প্রতীক প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, দাঁড়িপাল্লা প্রতীকের আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, লাঙ্গল প্রতীকের মইনুর রাব্বী চৌধুরী, ট্রাক প্রতীকের সুরুজ মিয়া, হাতপাখা প্রতীকের এটিএম আওলাদ হোসাইন, কাস্তে প্রতীকের আব্দুল্লাহ আদিল, আপেল প্রতীকের মোছাদ্দিকুল ইসলাম, কলম প্রতীকের মনজুরুল হক, ঘোড়া প্রতীকের এস এম খাদেমুল ইসলাম খুদি ও ঢেঁকি প্রতীক প্রার্থী আজিজার রহমান। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১ হাজার ৯৪৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৫ হাজার ৯৪৬, নারী ২ লাখ ৫৫ হাজার ৯৮৮ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন। ১৪৬টি কেন্দ্রে তারা ভোট প্রয়োগ করবেন।
স্থানীয় ভোটাররা ধারণা করছেন, অতীতের চেয়ে এ নির্বাচনে উল্লেখযোগ্য ভোটার ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। তবে ঝুঁকিপুর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কাবোধ করছেন তারা। নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তিদের সবধরনের দিকনির্দেশনা দেয়া হচ্ছে। গাইবান্ধা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, আসন্ন নির্বাচন অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য সেনাবাহিনী, র্যাব-পুলিশ, বিজিবি, আনসার মোতায়েন থাকবে।
গাইবান্ধা ৩
অপেক্ষায় ভোটাররা
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
