অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশ সিরিজের প্রস্তুতিতে প্রোটিয়ারা

অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশ সিরিজের প্রস্তুতিতে প্রোটিয়ারা

ফন্ট সাইজ:

কেপ টাউনে অস্ট্রেলিয়াকে ১৭৬ রানের বড় ব্যবধানে হারিয়ে ৩ ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এ জয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেছে প্রোটিয়ারা। এই সিরিজ জয়কে নিজেদের ক্যারিয়ারের ‘সেরা অর্জন’ হিসেবে উল্লেখ করে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা জানিয়েছেন, কিছুদিন এই সাফল্য উদযাপনের পর তারা মনোযোগ দেবেন বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে।

প্রথম টেস্টে হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে হারানোয় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত প্রোটিয়া শিবির। ম্যাচ শেষে বাভুমা বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সুযোগ সবসময়ই অত্যন্ত উপভোগ্য। শুধু এই ম্যাচ নয়, এই সিরিজটিই এমন একটা সিরিজ—আমার মনে হয় না, এর চেয়ে ভালো কোনো সিরিজে আমি সম্পৃক্ত ছিলাম। তাই হ্যাঁ, এটি নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের সেরা টেস্ট জয় এবং আমাদের অর্জনের তালিকায় এটি এক নম্বরে থাকবে।’

কেপ টাউনে প্রথম ইনিংসে ১০০ রানে পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে চরম বিপদে পড়ে। চতুর্থ দিনে একপর্যায়ে মাত্র ৪০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন রিয়ান রিকেলটন ও উইয়ান মুলদার। তাদের দুই অসাধারণ সেঞ্চুরিতে ভর করে স্বাগতিকেরা লড়াকু অবস্থানে পৌঁছায়।

শেষ দিনে ২৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নামা অজিদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন প্রোটিয়া বোলাররা। নতুন বলে কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ের পর অফ স্পিনার সাইমন হার্মারের জাদুকরী ঘূর্ণিতে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা নিয়ে বাভুমা আরও বলেন, ‘১ নম্বর স্থান অর্জন করা সত্যিই অসাধারণ। দল হিসেবে শীর্ষস্থান অর্জনের লক্ষ্য আমাদের ছিল। আমরা নিজেদের মানকে প্রতিনিয়ত আরও উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এমন অর্জন পুরো দল মিলে উদযাপন করার মতোই।’

তবে অস্ট্রেলিয়াকে হারানোর এই আনন্দ খুব দীর্ঘায়িত করার সুযোগ নেই। কারণ সামনেই তাদের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আগামী ১৫ই নভেম্বর থেকে জোহানেসবার্গে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল দ্রুতই প্রস্তুতি শুরু করবে।

সাফল্যের অনুভূতি প্রকাশ করে প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘(বাংলাদেশ সিরিজের আগে) আমাদের হাতে এখন কয়েক দিন সময় আছে। যে আবেগের ভেতর দিয়ে আমরা গিয়েছি, সে হিসেবে সেসব থিতু হতে কিছুটা সময় দিতে হবে। পরস্পরের পারফরম্যান্স ও দলের পারফরম্যান্স আমরা উদযাপন করবো।’