শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে শনিবার সকাল থেকেই বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা এ বিক্ষোভ শুরু করেন। এ সময় কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আশুলিয়ার কাঠগড়া অঞ্চলসহ আশপাশের এলাকার অন্তত ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া বিক্ষোভ চলাকালে শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকাল ৮ টার পর আশুলিয়ার কাঠগড়া বাজার, আমতলা, নয়াপাড়া ও আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। সকালে নাঈম নিটওয়্যারের শ্রমিকেরা প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি শুরু করেন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে সড়কে বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কন্টিনেন্টাল গার্মেন্টস, এআর জিন্স ও সিডব্লিউএসহ কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে—মিলিনিয়াম টেক্সটাইল লিমিটেড, হেসং কোরিয়া লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস লিমিটেড, টেক্সটাউন গ্রুপ, আফিয়া নিটওয়্যার লিমিটেড, নাঈম নিটওয়্যার লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লেদারেক্স ফুটওয়্যার লিমিটেড, এভারব্রাইট সোয়েটার লিমিটেড, গ্রিন লাইফ নীটেক্স লিমিটেড ও পিকার্ড বাংলাদেশ লিমিটেডসহ অন্যান্য কারখানা। সব মিলিয়ে অন্তত ১৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের এক সদস্য মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
অন্যদিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিক অসন্তোষের কারণে এ পর্যন্ত ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে এ সংখ্যা আরও বাড়তে পারে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের একজন সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’
তবে এ বিষয়ে কারখানাগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা বক্তব্য দিতে রাজি হননি।
শ্রমিক অসন্তোষে থমথমে আশুলিয়া, শ্রমিক-পুলিশ মুখোমুখি, ১৩ কারখানায় ছুটি ঘোষণা
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
অনলাইন
২ ঘন্টা আগে
৩১ অক্টোবর (শনিবার), ২০২৬, ৪ঃ০৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
