নিউ ইয়র্কে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সংবর্ধনা

নিউ ইয়র্কে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সংবর্ধনা

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ওজন পার্কের বৈঠকখানা পার্টি হলে এই সংবর্ধনা প্রদান করেন আব্দুল মতিন চৌধুরী স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র ও প্রবাসে বসবাসরত রূপগঞ্জবাসী। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নিউ ইয়র্কে বসবাসরত বিপুলসংখ্যক রূপগঞ্জবাসী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, "রূপগঞ্জকে বাংলাদেশের একটি আধুনিক, উন্নত ও আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব। এলাকার মানুষের চাহিদা ও প্রয়োজনকে প্রাধান্য দিয়েই পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।" এছাড়া রূপগঞ্জে মাদককে কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রবাসীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত জটিলতা নিরসনে বিভিন্ন দেশের প্রবাসী দূতাবাস ও হাইকমিশনের সঙ্গে সমন্বয় করা হবে। পাশাপাশি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি দূর করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

আব্দুল মতিন চৌধুরী স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের সভাপতি মো. বাচ্চু মিয়ার সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোতাহার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে 'গেস্ট অফ অনার' হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ।
গিয়াস আহমেদ বলেন, "বাংলাদেশকে আগামী দিনে একটি শক্তিশালী, সমৃদ্ধশালী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে তার নেতৃত্বকে শক্তিশালী করতে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর মতো তরুণ ও উদ্যমী সংসদ সদস্যদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক) মাকসুদুল হক চৌধুরী এবং যুক্তরাষ্ট্রস্থ আব্দুল মতিন চৌধুরী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির নেতা এ.জে. জাহাঙ্গীর হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মাহবুবুল হক চেয়ারম্যান, নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ জহির, লং আইল্যান্ড বিএনপির নেতা সিরাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহান চৌধুরী, মুনসুর আলী, মোস্তাক আহমেদ, নাজমুল করিম, আলমগীর হোসেন, আবু তাহের, আব্দুর রহমান, মোখলেসুর রহমান, আব্দুল কাউম, খন্দকার আব্দুল আউয়াল, শাওন, আমির হোসেন, ছৈয়দ আহেমদ, আহমেদ আলী, মোমেন প্রমুখ।

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে রূপগঞ্জের সার্বিক উন্নয়ন, প্রবাসীদের বিদ্যমান সমস্যা এবং একটি আধুনিক ও সমৃদ্ধশালী উপজেলা গড়ে তোলার রূপরেখা সংবলিত একটি স্মারকলিপি সংসদ সদস্যের কাছে পেশ করা হয়। স্মারকলিপিটি পাঠ করেন আব্দুল মতিন চৌধুরী স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম।
বক্তারা আশা প্রকাশ করেন, প্রবাসীদের সঙ্গে দেশের জনপ্রতিনিধিদের এ ধরনের মতবিনিময় ও যোগাযোগ অব্যাহত থাকলে রূপগঞ্জের উন্নয়ন, প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।