এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৪৪. ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন। গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে। ওই বছর পাসের হার ছিলো ৫০ দশমিক ২০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিলেন ৩ হাজার ৯৯৫ জন। ফলে এবারের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ গত বছরের তুলনায় কমেছে।
কারণ হিসেবে বোর্ড কর্তৃপক্ষ বলছেন, পরীক্ষা পদ্ধতি এবং খাতা মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা এবং মেধার সঠিক মূল্যায়ন করার কারণে যে ফলাফল হয়েছে তাতে কর্তৃপক্ষ সন্তুষ্ট। তবে ইংরেজি, গণিত, আইসিটি ও বিজ্ঞানের মতো সাবজেক্টে পাসের হার কম হওয়ার কারণে ফলাফলের ওপর প্রভাব পড়েছে।
আজ শনিবার বেলা ১১ টায় শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সচিব ড. আব্দুল মতিন এসব তথ্য জানান।
এ বছর যশোর বোর্ড থেকে ১ লাখ ১২ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে ৫০ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে বোর্ডের ১৬টি কলেজের সব শিক্ষার্থী ফেল করেছেন।
