১১ দলের লংমার্চ শুরু

৭ দফা দাবি

১১ দলের লংমার্চ শুরু

ফন্ট সাইজ:

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধসহ ৭ দফা দাবিতে খুলনা অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে লংমার্চ শুরু করেন তারা।
এর আগে সকাল সাড়ে ৭টায় থেকে লংমার্চের উদ্বোধনী সমাবেশ করেন তারা। এতে ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত প্রায় ৪১০ কিলোমিটার দীর্ঘ এ কর্মসূচিতে দেড় হাজার গাড়ি অংশ নেয়ার প্রত্যাশা করছেন আয়োজকরা।

আয়োজকদের দেয়া কর্মসূচি অনুযায়ী, ঢাকা থেকে যাত্রা শুরু করে শরীয়তপুর, মাদারীপুর, ভাঙ্গা (ফরিদপুর), গোপালগঞ্জ, বাগেরহাটের ফকিরহাট ও রূপসা ব্রিজ হয়ে খুলনায় পৌঁছাবে লংমার্চের বহর। এরপর যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী জনসভায় যোগ দেবেন অংশগ্রহণকারীরা। পথে কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। এরমধ্যে সকাল ৯টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবা, সকাল ১১টায় বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়, দুপুর সাড়ে ১২টায় খুলনা মহানগরীর বাবরী চত্বর এবং দুপুর ২টায় ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে পথসভা রয়েছে।

এছাড়া বিকাল সাড়ে ৩টায় যশোরের মুড়লীর মোড় এবং বিকাল ৫টায় ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী জনসভায় যোগ দেবে লংমার্চের বহর।