জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার। বৃহস্পতিবার বিকাল ৩টায় বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর ও রাজনৈতিক কর্মকর্তা মিস কামিলা পার্টিকা।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, জাতীয় সংসদে সরকারি ও বিরোধীদলের ভূমিকা এবং চলমান সংস্কার প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি ও বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
