দীর্ঘদিন ধরেই কানাডায় থাকছেন চলতি প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান। এদিকে, নতুন খবর হলো এ নায়িকা অভিনীত সিনেমা ‘ঋতুকামিনী’ মুক্তি পেতে যাচ্ছে ডিসেম্বরে- এমনটাই নিশ্চিত করেছেন নির্মাতা জাহিদ হোসেন। এ সিনেমায় অভিনেতা আব্দুন নূর সজলের বিপরীতে অভিনয় করেছেন অধরা। অনেকটা সময় অপেক্ষার পর এ ছবির মুক্তির ঘোষণা এলো। তাই অনেকটাই স্বস্তির কথা জানালেন অধরা। ছবিটি নিয়ে দারুণ আশাবাদীও তিনি। ছবিতে সজল অভিনয় করছেন ‘জামাল’ চরিত্রে এবং তার বিপরীতে ‘কুমকুম’ চরিত্রে দেখা যাবে অধরা খানকে। এই প্রথম তারা জুটি বেঁধে কোনো সিনেমায় অভিনয় করেছেন। ছবিটি মুক্তির খবরে অধরা বলেন, ছবিটির গল্প চমৎকার।
তাতে আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং ছিল। গ্ল্যামারের বাইরে গিয়ে এ ধরনের চরিত্রে প্রথম অভিনয় করেছি। সজলের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, সজল ভাই প্রিয় একজন অভিনেতা। তার কাজ দেখে বড় হয়েছি। এবার তার বিপরীতে কাজ করেছি। তাই অনুভূতিটা অন্যরকম। কুমকুম চরিত্রটি করতে গিয়ে নিজের শতভাগ দেয়ার চেষ্টা করেছি। পুরোপুরি চরিত্রে ডুবে গিয়েছিলাম। সবমিলিয়ে আমি ছবিটি নিয়ে দারুণ আশাবাদী। এদিকে, ছবি মুক্তি উপলক্ষে দেশেও আসতে পারেন অধরা। সেই পরিকল্পনা করছেন তিনি। অধরা বলেন, ‘ঋতুকামিনী’র মতো গল্পে কাজ করতে পারাটা সৌভাগ্যের। আমি বিশ্বাস করি, ছবিটি মুক্তি পেলে দর্শক খুব আগ্রহের সঙ্গে দেখবেন।
