সালমান শাহ ও শাবনূর অভিনীত এবং শিবলি সাদিক পরিচালিত নব্বই দশকের দর্শকপ্রিয় সিনেমা ‘আনন্দ অশ্রু’। ছবির গানগুলোও পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। একই নামে এবার প্রেক্ষাগৃহে আসছে নতুন সিনেমা ‘আনন্দ অশ্রু’। এতে জুটি হয়ে অভিনয় করেছেন- জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক ও অভিনেত্রী মাহিয়া মাহি। সিনেমাটি নির্মাণ করেন ‘দুই নয়নের আলো’ সিনেমার নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। তিনি জানান, আগামী ১৩ই নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। বুধবার সন্ধ্যায় সিনেমাটির একটি লুক প্রকাশ করে মুক্তির তারিখ জানান নির্মাতা।
এটি মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালিত ১২তম সিনেমা। নির্মাতা বলেন, সিনেমাটির যাবতীয় কাজ আগেই সম্পন্ন হয়েছে। মুক্তির জন্য ভালো সময় খুঁজতে সময় লেগে গেল। অবশেষে ১৩ই নভেম্বর সিনেমাটি মুক্তি দিচ্ছি। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে। সিনেমাটি পরিবেশনা করছে অভি কথাচিত্র। সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে ‘আনন্দ অশ্রু’ মুক্তি দেয়ার প্রত্যাশা করছেন নির্মাতা। তিনি জানান, এটি সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘আনন্দ অশ্রু’র সিক্যুয়েল নয়। সম্পূর্ণ মৌলিক ও আলাদা গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। এর আগে সাইমন সাদিক ও মাহিয়া মাহিকে নিয়ে ‘জান্নাত’ নির্মাণ করেছিলেন নির্মাতা মানিক। ২০১৮ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান সাইমন সাদিক। সাইমন সাদিক ও মাহিয়া মাহি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, নাসরিন ও চিকন আলী। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী।
