‘ভিনিসিয়ুস নিয়ম’ ভাঙায় দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

‘ভিনিসিয়ুস নিয়ম’ ভাঙায় দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

ফন্ট সাইজ:

লাতিন আমেরিকার ফুটবলে ফের উত্তাপ ছড়িয়েছে নতুন এক নিয়মের কারণে। তাতে ব্রাজিল মহাতারকা নেইমার জুনিয়র পড়েছেন বড় বিপাকে। সম্প্রতি বাহিয়ার বিপক্ষে এক উত্তপ্ত ম্যাচে বহুল আলোচিত ‘ভিনিসিয়ুস জুনিয়র নিয়ম’ লঙ্ঘন করায় দুই ম্যাচের নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছে সান্তোসের এই অভিজ্ঞ ফরোয়ার্ডের ওপর।

গত শনিবার বাহিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের তখন শেষ মুহূর্ত। প্রতিপক্ষ মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে এক হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখেন ৩৪ বছর বয়সী নেইমার। তবে মূল বিতর্কটি বাঁধে অন্য জায়গায়। ঘটনার সময় মুখে হাত দিয়ে কথা বলার অপরাধে তাকে এই শাস্তি দেয়া হয়। ফুটবলে মুখে হাত দিয়ে আড়ালে কুরুচিপূর্ণ বা গালাগাল করা রোধ করতে সম্প্রতি এই কঠোর আইনটি চালু করেছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএব)।

ম্যাচের পর সংবাদমাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়ে নেস্তর বলেন, ‘সে আমাকে এবং বাহিয়া ক্লাবের জার্সি জড়িয়ে যা বলেছে, তা অত্যন্ত অসম্মানজনক।’ তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেন নেইমার। নিজের ভুল স্বীকার করে সেলেসাও মহাতারকা বলেন, ‘মুখে হাত দেয়া আমার ভুল ছিল।’ উল্টো নেস্তরের বিরুদ্ধেই উসকানি দেয়ার অভিযোগ তুলে তিনি বলেন, ‘সে ফুটবলের অন্যতম জঘন্য কৌশল ব্যবহার করে আমাকে প্ররোচিত করেছে।’
উল্লেখ্য, রেফারি তার প্রতিবেদনে উল্লেখ করেছেন যে, লাল কার্ড দেখার পর মেজাজ হারিয়ে বাহিয়ার ডাগআউটের দিকে তেড়ে যান নেইমার এবং সতীর্থদের হস্তক্ষেপে তাকে শান্ত করা হয়।

ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিস (এসটিজেডআই)-এর রায়ে এই দুই ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি হলুদ কার্ডের খড়গের কারণে আরও এক ম্যাচ বাইরে থাকতে হচ্ছে নেইমারকে। ফলে পালমেইরাসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচসহ মোট তিন ম্যাচে সান্তোস পাচ্ছে না তাদের অধিনায়ককে। বর্তমানে পয়েন্ট টেবিলের আট নম্বরে থাকা সান্তোসের জন্য লীগের শেষ দিকের তিন ম্যাচে নিজেদের সেরা তারকাকে ছাড়া পথ চলা বেশ কঠিনই হবে।