সড়কের পাশ দিয়ে হাঁটছিলো, মায়ের সামনেই কাভার্ডভ্যানের চাপায় দুই শিশুকন্যার মৃত্যু

সড়কের পাশ দিয়ে হাঁটছিলো, মায়ের সামনেই কাভার্ডভ্যানের চাপায় দুই শিশুকন্যার মৃত্যু

ফন্ট সাইজ:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় মায়ের সামনেই দুই শিশুকন্যার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের পশ্চিম তালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মায়ের সঙ্গে সড়কে পাশ দিয়ে হাঁটছিলো দুই শিশুকন্যা।

নিহত দুই বোন হলো—আরবিয়া (৮) ও রাবিয়া (৬)। তারা উপজেলার পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকালে শিশু দু’টির মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় তার সঙ্গে ছিল দুই মেয়ে। তারা পশ্চিম তালদিঘী এলাকার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে আসতেই পেছন থেকে একটি কাভার্ডভ্যান শিশু দু’টিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ইতিমধ্যে এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মায়ের সঙ্গে দুই শিশু সড়কের পাশ দিয়ে হাঁটছিল। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান দুই বোনকে চাপা দেয়। পরে কাভার্ডভ্যানসহ পালিয়ে যান চালক।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এটা নিছক কোনো দুর্ঘটনা নয়, দেখলে মনে হয় যেন ইচ্ছা করেই কাভার্ডভ্যান চালক শিশুকে পিষে হত্যা করেছে।

তারাকান্দা থানার ওসি আব্দুর রাশিদ বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে কাভার্ডভ্যান চালানোর সময় চালক ঘুমাচ্ছিলেন, যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত শিশুদের মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স রাখা হয়েছে।’