বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরিকে হত্যা করা হয়েছে বলে মনে করেন তার বাবা। বৃহস্পতিবার দুপুরে তাহসিফের বাবা কে এম এনায়েত হেলাল সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে।...তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে। হত্যা করা হয়েছে বলে আমি সাসপেক্ট করি।’
এর আগে রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়। উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান বৃহস্পতিবার সকালে বলেন, ‘বুধবার বিকালে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির লাশ উদ্ধার করে।’
মরদেহ উদ্ধারের বিষয়ে নৌ পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার সময় ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়া যায় উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে একটি মরদেহ ভাসছে। অজ্ঞাতনামা পুরুষের মরদেহ। যার বয়স আনুমানিক ২৮ বছর। লাশের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিলো। হাতে ঘড়ি ও পকেটে আইফোন পাওয়া যায়। মুখে হালকা দাড়ি আছে। তার সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির লাশ বলে পরিচয় শনাক্ত করা হয়।
