স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। বহুমুখী প্রতিভাধর এই প্রযুক্তি টাইকুনকে একজন ‘আসল জিনিয়াস’ বা সত্যিকারের প্রতিভাবান বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে মাস্কের সঙ্গে তার ‘ঘনিষ্ঠ’ যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি। বুধবার মস্কোয় রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে পুতিন এই মন্তব্য করেন। সেখানে তিনি রাশিয়ার নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প ‘রাস্বেত’ নিয়ে আলোচনা করছিলেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুতিন বলেন, রাস্বেত এবং স্টারলিংকের স্যাটেলাইটগুলো যেন কক্ষপথে একে অপরের কাজে বাধা সৃষ্টি না করে, সেজন্য মাস্কের সঙ্গে যোগাযোগ রাখা জরুরি। সব রাজনৈতিক প্রশ্ন দূরে রেখেও তারা একে অপরের কাজের মূল্যায়ন করছেন বলে তিনি জানান। বর্তমানে স্টারলিংকের প্রায় ১৩ হাজার স্যাটেলাইট রয়েছে। অন্যদিকে রাস্বেতের মাত্র কয়েক ডজন স্যাটেলাইট কক্ষপথে রয়েছে। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে, মহাকাশ খাত নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পাঁচ বছর পূর্ণ হতে যাচ্ছে। এমন সময়েই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে। ইউক্রেন যুদ্ধে স্টারলিংকের ওপর নির্ভর করলেও গত সপ্তাহে তারা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ করে। মাস্ক স্বীকার করেছেন যে স্পেসএক্স ইচ্ছাকৃতভাবেই এমনটি করেছে।
এদিকে ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার সঙ্গে ডিজেল আমদানির চুক্তি করেছেন। তিনি রাশিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞাও প্রত্যাহার করেন। এরপরই রাশিয়া এক মার্কিন নাগরিককে মুক্তি দেয়। মার্কিন দূত স্টিভ উইটকফ পুতিনকে একজন ‘মানবিক’ ব্যক্তি হিসেবে আখ্যা দিয়েছেন।
