ইরানে চিকিৎসা সামগ্রী পাঠাতে ভ্যান্সকে অনুমোদন ট্রাম্পের

ইরানে চিকিৎসা সামগ্রী পাঠাতে ভ্যান্সকে অনুমোদন ট্রাম্পের

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শান্তি আলোচনার সম্ভাবনা দেখা দিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে যোগাযোগ করেছেন এমন খবরে নতুন এ কূটনৈতিক প্রচেষ্টা সামনে আসে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল।

ট্রাম্প জানান, সেখানে চিকিৎসা সামগ্রী এবং অন্যান্য সাহায্যের প্রয়োজন। ভ্যান্স এই বিষয়ে তার মতামত জানতে চেয়েছিলেন। ট্রাম্প তাকে কেবল মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দিয়েছেন। অসুস্থ মানুষদের সাহায্য করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে শান্তি আলোচনার বিষয়টি নাকচ করে দেন ট্রাম্প। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই যোগাযোগের খবর প্রকাশ করে। পরে নিউইয়র্ক টাইমসও একই খবর দেয়। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজায়ির কাছে একটি চিঠি পাঠান ভ্যান্স। আগামী সপ্তাহগুলোতে ইরানে ট্রাম্প কোনো তীব্র হামলা না চালান, তা নিশ্চিত করতেই এই চিঠি দেয়া হয়েছে। এতে কোনো নির্দিষ্ট শান্তি চুক্তির কথা নেই, বরং আলোচনার একটি সম্ভাব্য রূপরেখা নিয়ে কথা বলা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে গত সপ্তাহে এই চিঠি পাঠানো হয় এবং রোববার তা পৌঁছায়। এতে ভ্যান্স সরাসরি আলোচনার আহ্বান জানান এবং মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়ার প্রস্তাব দেন। এমনকি শুরু থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথাও বলা হয়েছে।

নিউইয়র্ক টাইমস আরো জানায়, ইরানের নেতারা এই প্রস্তাবকে ইতিবাচকভাবে নিয়েছেন। বৃহস্পতিবারের মধ্যে রেজায়ি এর আনুষ্ঠানিক জবাব দেবেন বলে আশা করা হচ্ছে। আগামী সপ্তাহেই কাতার বা তুরস্কে আলোচনা শুরু হতে পারে। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স আলাদাভাবে জানায়, কাতারের মধ্যস্থতাকারীরা ইরানকে যুদ্ধ শেষ করার জন্য একটি নতুন খসড়া চুক্তি দিয়েছে। তবে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই পরিকল্পনাটি প্রত্যাখ্যান করেন। তিনি একে ‘অগ্রহণযোগ্য ধারণা’ বলে মন্তব্য করেছেন এবং এটি কোনো প্রকৃত প্রস্তাব নয় বলে জানান।