মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জনের উদ্যোগ মেনে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ওই পোস্টে জামায়াত আমীর বলেন, ‘মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। জনগণ তা মেনে নেবে না। এ বিষয়ে কী হচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। অতীতেও বাংলাদেশের স্বার্থের কথা বলে ট্রানজিট, করিডোর ইত্যাদি বিভিন্ন নামে সুযোগ-সুবিধা দেওয়া হলেও কার্যত বাংলাদেশ তার কোনো সুফলই পায়নি।’
তিনি আরও বলেন, ‘জাপান, চীন বা যেকোনো বন্ধুরাষ্ট্রই হোক না কেন, সবার আগে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের। এ ক্ষেত্রে সরকারের কোনো ব্যর্থতা কিংবা আপসকামিতা জনগণ একেবারেই দেখতে চায় না।’
