রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়েছে। উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বলেন, বুধবার বিকালে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির লাশ উদ্ধার করে।
জানা যায়, গত ২৭ অক্টোবর রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে পালানোর ভিডিও ধারণ ও প্রকাশে তিনি সম্পৃক্ত ছিলেন বলে গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।
নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাহসিফ মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’
তিনি আরও বলেন, ‘রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে সপরিবার থাকতেন তাহসিফ। গত মঙ্গলবার তিনি নিখোঁজ হন। তার বাবার নাম কে এম এনায়েত হেলাল।’
নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গতকাল বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিকাল সাড়ে ৪ টার দিকে তুরাগ নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি। পরে তার এক আত্মীয়কে খবর দেওয়া হয়। সেখান থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
তবে কী কারণে মৃত্যু হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
