যমুনা সেতু পশ্চিম সিরাজগঞ্জ মহাসড়কে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ। বুধবার ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে এই ঝটিকা মিছিল করে তারা। দুপুরে ১২টার দিকে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ১ মিনিট ৪৪ সেকেন্ডের। ভিডিওতে দেখা যায়, একরামুল হক নামে এক যুবলীগ নেতার ব্যানার ধরে আছেন মিছিলের সামনে থাকা কয়েকজন ব্যক্তি। মিছিলটিতে অন্তত ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন।
তারা ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্ল্লোগান দেন। ওই ভিডিওতে আরও দেখা যায়, একটি টহল পুলিশের গাড়ি মিছিলের দিকে এগিয়ে আসছে। কিন্তু, মিছিলে অংশ নেয়া নেতাকর্মীদের হুংকারে তারা মিছিলটি ক্রসকরে গাড়ি নিয়ে চলে যাচ্ছেন। মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল করার বিষয়টি জানতে চাইলে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম মানবজমিনকে বলেন, মিছিলের ভিডিওটি একটু আগেই দেখেছি। তবে, মহাসড়কের কোন স্থানে মিছিলটি হয়েছে, সেটা নিদিষ্ট করা বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখে মিছিলের অংশ নেয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছি।
